হেরোইন বহন মামলার রায়ে কুমিল্লার রাবেয়া খাতুনকে মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা
চার কেজি হেরোইন বহনের দায়ে বৃহস্পতিবার কুমিল্লার জোহরা ওরফে রাবেয়া খাতুনকে মৃত্যুদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত জোহরা কুমিল্লার হোমনা উপজেলার বৈদ্যকান্দি গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল হাসান একমাত্র আসামীর উপস্থিতিতে মামলার ওই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, জোহরা গত বছরের ৩ জুন রাত সাড়ে আটটায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের বিজি ০৩২ ফ্লাইটে করাচী থেকে ঢাকা আসে। গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তার কাছ থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার করে।
