২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৌর চেয়ারম্যান সমর্থিত কর্মচারি ও কমিশনারদের ভাড়া করা সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০

সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকজন পৌর কমিশনারের ভাড়া করা সন্ত্রাসী ও চেয়ারম্যান সমর্থিত কর্মচারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকার কয়েকটি কাবিখা এবং কাবিটা প্রকল্পে অনিয়মের কারণে স্থানীয় পিআইও কর্মকর্তা মাস্টাররোলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার জের ধরে ৪/৫ জন কমিশনার চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীকে ১০ লাখ টাকার একটি ভূয়া প্রাক্কলন তৈরির জন্য অবৈধভাবে চাপ প্রয়োগ করে।

এতে রাজি না হওয়ায় ১৩ জুন একদল সন্ত্রাসীর সহায়তায় কমিশনাররা নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়াকে লাঞ্ছিত করে। গত মঙ্গলবার কমিশনাররা পৌর কর্মচারি হাসান ও আসাদকে মারপিট করে এবং চেয়ারম্যানের সাথে অশোভন আচরণ করে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার চেয়ারম্যান সমর্থিত কর্মচারিরা কমিশনারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বাজার রেল স্টেশনে পৌঁছালে কমিশনারদের নেতৃত্বে সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সন্ত্রাসীরা পৌর কার্যালয়ে ঢুকে ভাংচুর ও লুটপাটসহ একটি গাড়ি ও দুইটি মোটর সাইকেল ভাংচুর করে। এসব ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়।

ঘটনার পর পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পৌর চেয়ারম্যান টি আর এম নূর ই আলম হেলাল বাদি হয়ে সদর থানায় ছয়জন কমিশনারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।