শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত
জামাত শিবির চক্রের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন জোরদার করার প্রত্যয় নিয়ে সোমবার শহীদ জননী জাহানারা ইমামের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ১৯৯৪ সালের এ দিনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবিতে তার নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় এবং ঘাতকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন সূচিত হয়।
যথাযোগ্য মর্যাদায় শহীদ জননীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
নির্মূল কমিটির নেতাকর্মীরা সোমবার সকালে শহীদ জননীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিকেলে ডবিব্লউভিএ মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক জাহানারা ইমাম স্মৃতি বক্তব্য রাখেন বিচারপতি কেএম সোবাহান।
নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শামসুল হুদা হারুন, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, স্থপতি রবিউল হেসাইন এবং নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন।
ওই অনুষ্ঠানে সময় প্রকাশন অধ্যাপক খান সরোয়ার মুর্শিদকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক -- ২০০৬’ প্রদান করে।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, প্রগতিশীল ছাত্র জোট এবং সমাজতান্ত্রিক ছাত্রফন্ট জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
