২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে র‌্যাবের পৃথক ক্রসফায়ারে দুই চরমপন্থি নেতা নিহত

যশোরের অভয়নগর এবং মনিরামপুরে র‌্যাবের পৃথক ক্রসফায়ারে শনিবার ভোরে দুই চরমপন্থি নেতা নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত চরমপন্থিরা হচ্ছে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার এবং অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামের গোলাম সারোয়ারের পুত্র মতিয়ার রহমান । অন্যজন হচ্ছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা রাজ্জাক শেখ। সেও একই উপজেলার রানাগাতি গ্রামের আফসার শেখের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, র‌্যাব সদস্যরা শুক্রবার পৃথক অভিযান চালিয়ে খুলনার ফুলতলা থেকে মতিয়ার রহমানকে এবং রাজ্জাক শেখকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মতিয়ারের স্বীকারোক্তি অনুয়ায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে ভোর ৪টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য মণিরামপুরের হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থি দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় মতিয়ার র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, নিহত মতিয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

র‌্যাব ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বন্দুকের গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে। 

র‌্যাব জানায়, রাজ্জাকের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভয়নগরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাজ্জাকের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রাজ্জাক র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, রাজ্জাকের বিরুদ্ধে আটটি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।