২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে রাষ্ট্রপতির দেশে প্রত্যাবর্তন

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ চিকিৎসা শেষে প্রায় এক মাস পর সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরই তাকে মেডিক্যাল চেকআপের জন্য বর্তমানে সিএমএইচ- এর কেবিনে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিনি দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রাষ্ট্্রপতির দায়িত্ব পালন করবেন।

বিমানবন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে বিমানের ভিভিআইপি ফ্লাইটযোগে রাষ্ট্রপতি মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এছাড়াও ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সহকারি তথ্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মেডিক্যাল চেকআপের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। তিনি বর্তমানে সিএমএইচ’এর ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাষ্ট্রপতির তথ্য সচিব মোখলেসুর রহমান চৌধুরী বিমানবন্দরে সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরে চিকিৎসা পরবর্তী বিমান ভ্রমণ এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতিই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

গত ২৩ মে রাষ্ট্রপতি তার শারীরিক অবস্থার নিয়মিত চেকআপের জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। হাসপাতালে থাকা অবস্থায় তার হার্টের সমস্যা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

রাষ্ট্রপতির চিকিৎসার জন্য গঠিত উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ২৪ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মরিস চু’র তত্ত্ববধানে রাষ্ট্রপতির হার্টের এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

পরে ২৬ মে হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. এমসি টং এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম রাষ্ট্রপতির হার্টে সফল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তার শরীরে আরো কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকরা নিবিড় তদারকি ও চিকিৎসার মাধ্যমে তা দূর করেন।