বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে
সারা বিশ্বের মতো বাংলাদেশেও মঙ্গলবার ষষ্ঠ বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আশা’।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) দিবসটি পালনের জন্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশের ডব্লিউআরডি এবং ইউএনএইচসিআর অফিস ঢাকা ও কক্সবাজারের শরণার্থী দিবস উপলক্ষে শরণার্থীদের অধিকার নিয়ে আলোচনা, সংবাদ সম্মেলন, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ বেশকিছু কর্মসূচি পালন করছে।
দিনটি উপলক্ষে বাংলাদেশ সরকার, ইউএনএইচসিআর এবং সহযোগী এনজিওগুলোর সম্মিলিতভাবে কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা, শরণার্থী শিশুদের মধ্যে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০০ সালের ৪ ডিসেম্বর শরণার্থী দিবস পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে এবং আফ্রিকার শরণার্থী দিবসের সাথে সংহতি প্রকাশ করে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
