২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ২--০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

জার্মানির মিউনিখে বিশ্বকাপ ফুটবলের ‘এফ’ গ্র“পের চতুর্থ ম্যাচে ল্যাটিন ফুটবল শক্তি ব্রাজিল ২--০ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর এই পরাজয়ের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

জয়ের লক্ষ্যে শুরু থেকে উভয় দলই আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে। প্রথম দিকে বেশ কয়েকটি আক্রমণের সুযোগও পায় ব্রাজিল। কিন্তু  আদ্রিয়ানো, রোনাল্ডো’র মতো বিশ্বখ্যাত ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

অস্ট্রেলিয়ার স্ট্রাইকাররা খেলার প্রথমার্ধে ব্রাজিলের শক্তিশালী রক্ষণব্যুহ ভেদ করে কয়েকটি আক্রমণ শানায়। কিন্তু কাঙ্খিত গোল করার জন্য কোনো সুবর্ণ সুযোগ তারা তৈরী করতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূণ্যই থেকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্খিত গোলের দেখা পায় শক্তিশালী ব্রাজিল। খেলার ৪৯ মিনিটে অস্ট্রেলিয়ার বিপদসীমানায় বল নিয়ে ঢুকে পড়েন ব্রাজিলীয় স্ট্রাইকার রোনাল্ডো। তিনজন অস্ট্রেলিয় ডিফেন্ডারের মধ্য দিয়ে রোনাল্ডো বলটি পাস দেন অপর স্ট্রাইকার আদ্রিয়ানোর কাছে। আদ্রিয়ানো চমৎকার এক শটে অস্ট্রেলিয় গোলরক্ষক মার্ককে পরাস্ত করে বলটি জালে জড়িয়ে দেন। 

পিছিয়ে পড়ে সমতায় আসতে মরিয়া হয়ে  অস্ট্রেলিয়া ব্রাজিলের বিপদসীমানায় বিচ্ছিন্ন কয়েকটি আক্রমণ চালায়। তবে শেষপর্যন্ত কোনো গোলের দেখা পায়নি  অস্ট্রেলিয় স্ট্রাইকাররা।

বরং খেলার শেষ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে অস্ট্রেলিয়া। বদলী ব্রাজিলীয় ফরোয়ার্ড ফ্রেড বল টেনে নিয়ে অস্ট্রেলিয় পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যান। এরপর বলটি ঠেলে দেন অপর স্ট্রাইকার আদ্রিয়ানোর কাছে। আদ্রিয়ানো শট নেন অস্ট্রেলিয় গোলের দিকে। তার জোরালো শটে গোলরক্ষক মার্ক পরাজিত হলেও বলটি শেষপর্যন্ত  টোকা মেরে জালে জড়িয়ে দেন ফ্রেড।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে  ১--০  গোলে পরাজিত করে।  অপরদিকে অস্ট্রেলিয়া তাদের প্রথম খেলায় জাপানকে ৩-১ গোলে  পরাজিত করে। গ্র“পের এপর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয়লাভ করায় ব্রাজিল এখন ‘এফ’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।

ব্রাজিল ২৩ জুন ডর্টমুন্ডে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে জাপানের।  একই দিনে স্টুটগার্টে ‘এফ’ গ্র“পের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে গ্র“পের অপর দল ক্রোয়েশিয়ার।