বাগেরহাটে দুই মহিলার লাশ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জ ও চিতলমারী থেকে পুলিশ রোববার দুই মহিলার লাশ উদ্ধার করেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মোরেলগঞ্জের পঞ্চকরণ এলাকায় দড়াটানা নদী থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। তবে চিতলমারীর মচন্দপুর খেয়াঘাট সংলগ্ন পাট ক্ষেত থেকে উদ্ধারকৃত যুবতীর (১৬) পরিচয় উদ্ধার করা যায়নি।
পানিতে ডুবে নিহতের নাম মিনি রাণী ডাকুয়া (৩৫)। সে রামপাল উপজেলার সন্নাসী বাজার এলাকার উত্তম ডাকুয়ার স্ত্রী। বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহরে দড়াটানা নদীতে ট্রলারডুবীর ঘটনায় সে নিখোঁজ ছিল।
এদিকে চিতলমারীতে সালোয়ার কামিজ পরিহিতা অজ্ঞাতনামা যুবতীর দুই হাত বাঁধা ছিল। লাশের পাশ থেকে একটি কালো বোরখা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে।
ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
