সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট শুরু; ২৪ জুনের মধ্যে দাবি আদায় না হলে আমরণ অনশন
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট পালন করছেন। বেতন বৈষম্য দূর করা এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের দাবিতে তারা এ কর্মসূচি নিয়েছেন। ২৪ জুনের মধ্যে দাবি আদায় না হলে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।
লক্ষাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াই লক্ষ শিক্ষকের এ ধর্মঘটের ফলে প্রায় তিন কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন এখন অনিশ্চয়তার মুখে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পর এ ধর্মঘট আহ্বান করেন।
ধর্মঘটের প্রথম দিন শনিবার রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোন ক্লাস হয়নি। প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষকরা জানান, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক øাতকোত্তর যোগ্যতা নিয়ে ৫,১০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক একই যোগ্যতা নিয়ে ২৬০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। আবার, প্রশিক্ষণপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক øাতক যোগ্যতা নিয়ে ৫,১০০ টাকার বেতন স্কেলে চাকরি পান। সেখানে ওই একই যোগ্যতা নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৩,০০০ টাকার স্কেলে চাকরি পান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষক øাতক যোগ্যতা নিয়ে ৯,০০০ টাকার স্কেলে চাকরি করেন। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই যোগ্যতা নিয়ে ৩১০০ টাকার বেতন স্কেলে চাকরি করেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের জন্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের কাছে প্রস্তাব দেওয়া হলেও দীর্ঘদিনে তা কার্যকর হয়নি। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার খাতা দেখার নিয়ম ছিলো। কিন্তু বর্তমানে থানা শিক্ষা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করেন। ফলে পরীক্ষা পদ্ধতি অস্বচ্ছ এবং পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতির হার বাড়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রে পরীক্ষার খাতা দেখার দায়িত্ব শিক্ষকদের থাকলেও তারা এর জন্যে কোন সম্মানী পান না। সকল আর্থিক লেনদেন হয় থানা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ বলেন, একজন সরকারি ড্রাইভারের বেতন স্কেল যেখানে ২,৬০০ টাকায় শুরু হয়, সেখানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওই একই বেতন স্কেলে চাকরি শুরু করেন।
