বরিশালে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৫
বরিশালের বাবুগঞ্জের ভবানীপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
নিহতের নাম সিরাজুল ইসলাম (১৫)।
আহতরা হচ্ছে--জুলহাস কবিরাজ (৪৫), আজিজুল হক (৪০), সেলিম (২৫), মানিক কোতয়াল (৩৫) এবং শাহীনুর বেগম (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভবানীপুরের আজিজুল হকের সাথে একই গ্রামের ওয়াজেদ আলীর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছয়জন আহত হয়।
আহতদের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সিরাজুলের মৃত্যু হয়।
সংঘর্ষের পর নিহত সিরাজুলের ভাই সেলিম বাদি হয়ে ১৬ জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোতাহার মোল্লা, জামাল মোল্লা এবং কুলসুম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ পৃথক একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
