বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত ৭
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাক ও টেম্পুর সংঘর্ষে শুক্রবার এক শিশু নিহত ও সাতজন আহত হয়েছে। নিহত শিশুর নাম- রতন (৭ মাস)।
পুলিশ জানায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাচাবাড়ি সরকার পাড়া ব্রিজের কাছে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-১১-০৫৩০) ও যাত্রীবাহী টেম্পু (ভটভটি)’র সাথে সংঘর্ষ হয়। এতে টেম্পুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশু রতন প্রাণ হারায় এবং অপর সাতজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জনগণ ট্রাক চালক আলমগীর (৪০) ও হেলপার দেলোয়ার (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
