জয়পুরহাটে ৫০ লাখ টাকার কোকেনসহ গ্রেফতার ১
জয়পুরহাট সদরের পুরানা পইল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে র্যাব সদস্যরা ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম কোকেনসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদুল ইসলাম (২৬)। সে পাঁচবিবি থানার নজরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব ১২-এর একটি দল সাদা পোষাকে বৃহস্পতিবার বিকালে ক্রেতা সেজে কোকেন কিনতে যায়। এসময় কোকেন ব্যবসায়ী তারা ও সহযোগী আজাদুলের সাথে ছয় লাখ টাকা কোকেনের মূল্য নির্ধারণ করে।
ব্যবসায়ী তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে সটকে পড়ে এবং আজাদুল গ্রেফতার হয়।
আজাদুল জানায়, সে একজন কাঠ ব্যবসায়ী। জয়পুরহাট সদরের পাইকরতলী গ্রামের তারা ৫০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে দুই দিনের জন্য তার দোকানে কোকেন রাখে।
র্যাব সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। কোকেনের প্যাকেটের উপর মেড ইন গুজরাট এবং পাকিস্তান লেখা রয়েছে। আটককৃত কোকেনের মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে র্যাব জানায়।
