রংপুরের পীরগঞ্জে ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলার ডাকবাংলোর পুকুর থেকে বৃহস্পতিবার ১০ম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে চারজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম প্রিতম চন্দ্র দাস (১৫)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল পেয়ে প্রিতম বাড়ি থেকে বের হয়ে যায়। গভীর রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয় এক রাখাল ডাকবাংলোর পুকুরে গলাকাটা লাশ দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।
খবর পেয়ে পিত্রমের মা গিয়ে পুত্রের লাশ সানক্ত করেন। নিহত প্রিতম পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। পুলিশ একটি মোবাইল ফোনের সূত্র ধরে ব্যবসায়ী তারাজুল ইসলাম, বাসস্ট্যান্ডের নৈশ প্রহরী জাহিদুল এবং প্রিতমের বন্ধু নোমান ও প্রমিত নামে চারজনকে আটক করেছে।
প্রিতমের বাবা সম্বুনাথ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শরিফ নামে একজন বন্ধু পরিচয়ে মোবাইলে তাকে ডেকে নিয়ে যায়।
লাশটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
