২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও বরিশালে র‌্যাবের এনকাউন্টারে ৩ সন্ত্রাসী নিহত, (সমন্বিত)

রাজধানী ঢাকা এবং বরিশালে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের পৃথক এনকাউন্টারে তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 03:27 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতরা হলো, সুজন কুমার দাস ওরফে রায়হান, জিয়াউল হাসান সুহাদ ও তার সহযোগী রফিকুল ইসলাম পিপলু।

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার শিয়ালবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের এনকাউন্টারে সুজন কুমার দাস ওরফে রায়হান নিহত হয়।

তার বাড়ি খাগড়াছড়ির রামগড়ে। সে দুর্ধর্ষ সন্ত্রাসী সাহাদতের সহযোগী।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব এর একটি দল সুজনকে বুধবার রাতে রাজধানীর সুত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

সুজনের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব তাকে নিয়ে মিরপুরের শাহ আলী থানার শিয়ালবাড়ি এলাকায় অস্ত্র উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তারের জন্য পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুজনের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এসময় সুজন র‌্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে ঘটনাস্থলেই সুজন নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, সুজনের বিরুদ্ধে চারটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানায়, বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের এনকাউন্টারে ১০৮ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামি জিয়াউল হাসান সুহাদ ও তার সহযোগী রফিকুল ইসলাম পিপলু নিহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের একটি দল বুধবার রাত ৯টায় পশ্চিম কাউনিয়া থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাদের নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তারের জন্য কাউনিয়া বিসিক শিল্প নগরীতে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুহাদের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বর্ষণের এক পর্যায়ে এনকাউন্টারে সুহাদ ও পিপলু নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বন্দুক, একটি এলজি, একটি রিভলবার, তিন রাউন্ড বন্দুকের গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, সুহাদের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা ও আটটি জিডি এবং পিপলুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে জননিরাপত্তা আইনে সুহাদের ১০৮ বছরের সাজা হয়েছিল।

সুহাদ ছাত্রলীগের সাবেক নেতা।