সৌদি আরব ও তিউনিশিয়া'র মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র
জার্মানির মিউনিখে বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের দ্বিতীয় ম্যাচে সৌদি আরব ও তিউনিশিয়া’র মধ্যকার উত্তেজনপূর্ণ খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে। এই খেলার মধ্যে দিয়ে সকল ৮ টি গ্র“পের ২ টি করে খেলা সম্পন্ন হলো।
প্রথম থেকেই সৌদি আরব ৪- ৫- ২ ছকে মাঝমাঠ গুছিয়ে খেলা শুরু করে। অপরদিকে তিউনিশিয়া ৪ জন ডিফেন্ডার, ৪ জন মিডফিল্ডার ও ২ জন স্ট্রাইকার নিয়ে খেলা সাজায়।
প্রথমার্ধের ৯ মিনিটে কর্নার থেকে গোল করার একটি চমৎকার সুযোগ পায় তিউনিশিয়া। মিডফিল্ডার আদেল চেদলি’র মাপা কর্নারটি মাথা অনেকটা নীচু করে হেড দেন ডিফেন্ডার করিম হাজ্জুই। কিন্তু বলটি বাউন্স করে গোলের উপর দিয়ে বেরিয়ে গেলে সুযোগটি হাতছাড়া হয়ে যায়।
খেলার ১৫ মিনিটে সৌদি আরব প্রথম সুযোগ তৈরি করে। তিউনিশিয়ার পেনাল্টি বক্সের মাত্র ১০ গজ বাইরে থেকে ফ্রি কিক পায় তারা। কিন্তু মিডফিল্ডার নওয়াফ আল তেমিয়াতের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলের অনেক বাইরে দিয়ে চলে যায়।
এরপর বেশ কয়েক মিনিট সৌদি আরব খেলার নিয়ন্ত্রণ হাতে রাখে। পরপর তিনটি কর্নার ও একটি ফ্রি কিকও পায় তারা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতার কারনে কাঙ্খিত গোল থেকে বঞ্চিত হয় ।
সৌদি আরবের আক্রমণের এক পর্যায়ে খেলার ২২ মিনিটে তিউনিশিয়া একটি পাল্টা আক্রমণ চালায়। আর এই আক্রমণকে কাজে লাগিয়েই খেলার প্রথম গোলটি করে ফেলে তিউনিশিয়া। আরবের গোলমুখে তিউনিশিয়ার আক্রমণটি ডিফেন্ডার রেধা তুকার হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হলে তিউনিশিয়া’র দক্ষ ডিফেন্ডার জিয়েদ জাফারি দুর্দান্ত এক সাইড ভলিতে পরাজিত করেন সৌদি গোলরক্ষক মাব্রোউক জাইদকে।
সমতায় ফেরার জন্য প্রথমার্ধের বাকী সময়টুকু সৌদি আরব তিউনিশিয়া’র গোলমুখে কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু তিউনিশিয়া’র রক্ষণভাগে বড় ধরনের কোনো ফাটল ধরাতে পারেনি সৌদি স্ট্রাইকাররা। মিডফিল্ডার নওয়াফ আল তেমিয়াতের দূরপাল্লার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে সৌদি আরব।
দ্বিতীয়ার্ধের শুরুতে সৌদি আরব আরো আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে । ৪৬ মিনিটের মাথায় গোল পরিশোধের একটি চমৎকার সুযোগও পায় তারা। কিন্তু মিডফিল্ডার মোহাম্মদ নুর পড়ে গিয়ে সুযোগটি নষ্ট করেন।
এর মাত্র ১০ মিনিটের মাথায় কাঙ্খিত সমতাসূচক গোলটির দেখা পায় সৌদি আরব । মিডফিল্ডার মোহাম্মদ নুর ডানপ্রান্ত দিয়ে বল টেনে তিউনিশিয়ার গোলের কাছে নিয়ে যান। এরপর নীচ ুকরে ঠেলে দেন পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যাওয়া অপর ফরোয়ার্ড ইয়াসের আল কাহতানি’র কাছে। ইয়াসের দুর্দান্ত এক ফ্লিকে বলটি জালে জড়িয়ে দেন।
খেলার ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সৌদি আরব। পাল্টা এক আক্রমণে বদলী সৌদি খেলোয়াড় সামি আল জাবের দক্ষতার সাথে তিউনিশিয়ার গোলরক্ষককে সামনে টেনে এনে বাম পায়ে বল জালে ঢুকিয়ে দেন। ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব।
খেলার মাত্র ৫ মিনিট বাকী থাকতেই সৌদি আরবের এই গোল তাদের জয়কে নিশ্চিতই করে তুলেছিল। কিন্তু খেলার অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) তিউনিশিয়া’র ডিফেন্ডার জেইদি হেড দিয়ে গোল করে দেশের জন্য অবিশ্বাস্য এক ড্র এনে দেন।
খেলায় বাজেভাবে বল ট্যাকেল করার জন্য তিউনিশিয়া’র ডিফেন্ডার করিম হাজ্জুই, ফরোয়ার্ড ইয়াসিন এবং দুই মিডফিল্ডার রিয়াদ ও আদেল’কে হলুদ কার্ড দেখান অস্ট্রেলিয়া’র রেফারি মার্ক শিল্ড।
তিউনিশিয়া ২০ জুন স্টুটগার্টে তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে। ১৯ জুন হামবুর্গে সৌদি আরব মুখোমুখি হবে গ্র“পের অপর দল নবাগত ইউক্রেনের।
