পাবনায় স্কুলের ভিতরে ঢুকে প্রধান শিক্ষককে গুলি করে ও কুঁপিয়ে হত্যা
পাবনার আতাইকুলা থানার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ঢুকে সন্ত্রাসীরা বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষককে গুলি করে ও কুঁপিয়ে হত্যা করেছে।
নিহত প্রধান শিক্ষকের নাম রবিউল ইসলাম শাহজাহান (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে সাত/আট জনের সশস্ত্র সন্ত্রাসীরা স্কুলের শ্রেণী কক্ষে ঢুকে প্রধান শিক্ষক রবিউল ইসলাম শাহজাহানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত ও গুলি করে।
পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে স্কুল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে বিকেল ৩টায় তার মৃত্যু হয়।
নিহত রবিউল ইসলাম শাহজাহান ভূলবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন।
ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। এছাড়া এ ঘটনার প্রতিবাদে পাবনা জেলা আ’লীগ শহরে মিছিল সমাবেশ করে।
এদিকে পাবনা শহরের লাইব্রেরী বাজার এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ময়েজ উদ্দিন নামে এক রিকশা চালককে হত্যা করে লাশ সড়ক ও জনপথ অফিসের পাশের একটি চায়ের দোকনে ফেলে রাখে। সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ময়েজ উদ্দিন শহরে পশ্চিম সাধুপাড়া চামড়ার গুদাম এলাকার তফিক মোল্লার ছেলে।
এ ব্যাপারে পাবনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
