পটুয়াখালীতে চাঞ্চল্যকর জহির হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
পটুয়াখালীর চাঞ্চল্যকর জহির হত্যা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ চারজন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।
বুধবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম সাজেদুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ১২ কার্য দিবসে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- আবদুস সাত্তার, আবদুল কাদের, মো. ইব্রাহীম ও মো. সেলিম সর্দার। এদের মধ্যে সেলিম, সর্দার পলাতক রয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৩ সনের ৯ মে আসামিরা গলাচিপা উপজেলার ছোনখোলার মহিষভাঙ্গা ব্রিজের কাছে জহিরুল ইসলামকে (২৭) পিটিয়ে গুরুতর আহত করে। তাকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিংসার জন্য ঢাকায় নেওয়ার পথে জহির মারা যায়।
১২ মে জহিরের বড় ভাই জসিমউদ্দিন বাদি হয়ে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
