সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় দৈনিক জনতার জেলা প্রতিনিধি আহত
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের টেন্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সোমবার ঠিকাদারদের ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু মারাত্মক আহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অফিসে শাহজাদপুর উপজেলার প্রায় ৮৮ লাখ টাকার ব্যয়ে রাস্তা সংস্কার ও উচু করার কাজের টেন্ডার ফেলার শেষ দিনে বেলা সোয়া ১২টায় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে স্থানীয় ঠিকাদারদের ভাড়াটে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। এতে দৈনিক জনতার জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু গুরুতর আহত হন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় দৈনিক যমুনা প্রবাহের সহ - সম্পাদক আব্দুল মজিদও সামান্য আহত হন। আহত বাবুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জে সড়ক ও জনপথ অফিসে দীর্ঘদিন যাবত প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একটি চক্র টেন্ডারবাজি করে আসছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
