ঢাকা অবরোধ চলাকালে পুলিশি হামলায় ২০ সাংবাদিক আহত
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে রোববার পুলিশি হামলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সংবাদসংস্থার ২০ জন সাংবাদিক আহত হয়েছেন।
আহতদের কমপক্ষে ১০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর শ্যামপুর এলাকার জুরাইনে পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলা ভিশনের রিপোর্টার আবিদুর রহমান মাথায় আঘাত পান এবং তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
এছাড়া, নয়াদিগন্তের ইমতিয়াজ শরিফ, প্রথম আলোর ফটোসাংবাদিক ইকবাল হোসেন, মানবজমিনের বিপুল আহমেদ বুলেট এবং বিডিনিউজের গনী আদম বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন।
অবরোধ কর্মসূচি চলাকালে দায়িত্বরত সাংবাদিকদের পুলিশ হয়রানি করে। তারা বৈশাখি টেলিভিশন ও দৈনিক দেশবাংলার সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয় এবং ভেঙে ফেলে।
সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এক সমাবেশ কর্মসূচি পালন করবে।
এক বিবৃতিতে ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সাংবাদিকরা বড় ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলেও ক্র্যাবের বিবৃতিতে সরকারের প্রতি হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
