রাজশাহীতে স্যানিটারী ল্যাট্রিন বিতরণে অনিয়ম
রাজশাহীর দুর্গাপুরে সরকারীভাবে বরাদ্দকৃত স্যানিটারী ল্যাট্রিন বা স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরণে দুর্নীতি -- অনিয়মের অভিযোগ উঠেছে।
জনসাধারণের স্বাস্থ্য রক্ষায় এসব পায়খানা গরীব ও সামর্থ্যহীন মানুষের মধ্যে বিতরণের কথা থাকলেও তা বিতরণ করা হয়েছে মধ্যবিত্ত এবং রাজনৈতিক নেতাদের মধ্যে।
বছর খানেক আগে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নের সবগুলো পরিবারকে স্যানিটেশনের আওতায় ঘোষণা করা হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
কিন্তু সরেজমিনে দেখা যায় উল্টো চিত্র। এ সব এলাকায় স্যানিটেশন পায়খানার বেহাল অবস্থা। উপজেলার অধিকাংশ পরিবারই খোলা আকাশের নিচে, ঝোপ --- জঙ্গলে প্রাকৃতিক কাজ সারছে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, গরীব পরিবারগুলোকে সরকারি অনুদানের স্বাস্থ্যসম্মত পায়খানা না দিয়ে চেয়ারম্যান ও সরকার দলীয় নেতাদের মধ্যে বিতরণ করা হয়। আবার যারা অনুদানের স্বাস্থ্যসম্মত পায়খানা পেয়েছে, তাদের অনেকেই এখনও বাড়িতে তা স্থাপন করেননি।
অনিয়ম এবং দুর্নীতির কারণে স্যানিটেশনের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
