সন্দ্বীপে ট্রলার ডুবিতে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৩০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাছে বঙ্গোপসাগরে বৃহস্পতিবার দুটি ট্রলার ডুবিতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ৩০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
কুমিরাঘাট এলাকায় ডুবে যাওয়া একটি ট্রলার থেকে স্থানীয়রা ১৬টি মরদেহ উদ্ধার করেছে। খারাপ আবহাওয়ায় এমভি ইমরুল কায়েজ নামের ট্রলারটি বেলা সাড়ে ১২টার দিকে ডুবে যায়। পরে গাছোয়াঘাট এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে এমভি আজমীর নামের আরেকটি কার্গো ট্রলার সকাল সাড়ে ৯টায় তিনজন যাত্রী নিয়ে ডুবে যায়।
এমভি ইমরুল ৫০জন যাত্রী নিয়ে কুমরাঘাট থেকে গুপ্তাছড়ার দিকে যাওয়ার সময় খারাপ আবহাওয়ায় পড়ে।
এদের মধ্যে ২২জন সাঁতরিয়ে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ হয়। স্থানীয়রা ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে সাত শিশু ও তিন মহিলাসহ ১৬ জনের লাশ উদ্ধার করে।
পাঁচটি লাশ নগরীর আল আমিন হাসপাতালে আনা হয়েছে। আটটি মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে এবং তিনজনের মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছে।
বিকেল ৫টায় স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে।
