চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে টানা ১৩ ঘন্টা সড়ক অবরোধ
অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন টানা ১৩ ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্র জানায়, চাঁপইনবাবগঞ্জ সদর উপজেলা মহিপুরে সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারি শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন রোববার ট্রাক প্রতি ১৫’শ টাকা চাঁদা দাবি করে। ট্রাক শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার রাত ৯টার দিকে চারটি ট্রাক আটকে দেওয়া হয়। এ নিয়ে উভয় দলের মধ্যে কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে গুলজার নামের এক ট্রাক চালককে মারধর করা হয়।
এ খবর শহরের মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের কাছে পৌঁছুলে বিক্ষুব্ধ মোটর শ্রমিকরা এ ঘটনার বিচার দাবি করে রাত ১১টার দিকে চাঁপাই--সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ট্রাক রেখে সড়ক অবরোধ করে রাখে।
পরে মোটর শ্রমিক ইউনিয়ন, বাস মালিক সমিতি ও সদর থানা পুলিশের মধ্যস্থতায় দীর্ঘ বৈঠকে সোমবার দুপুর ১২টার দিকে এই অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিক ইউনিয়ন। বৈঠকে শ্রমিকদের দাবির ভিত্তিতে অবৈধ চাঁদা আদায়কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মহিপুর থেকে সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারি শ্রমিক ফেডারেশনের অফিস উঠিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হয়।
