২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের এনকাউন্টারে ছিনতাইকারী নিহত

বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সোমবার ভোরে র‌্যাবের সাথে এনকাউন্টারে ছিনতাইকারী দলের একজন নেতা নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহতের নাম আব্দুল মজিদ ওরফে বাদশাহ (২৫)। সে বায়েজিদ বোস্তামি এলাকার মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

একজন পথচারির কাছ থেকে রোববার দুপর ১টায় ছিনাতাই করে পালানোর সময় র‌্যাব-৭ এর সদস্যরা তাকে ও তার একজন সহযোগীকে ছিনতাই করা টাকাসহ হাতেনাতে ধরে ফেলে।

বাদশাহর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ ১৮টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, এর সদস্যরা বাদশাহর স্বীকারোক্তি অনুযায়ী তার অপর সহযোগী ও লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের জন্য বায়েজিদ বোস্তামী এলাকায় যায়।

কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। এসময় বাদশাহ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভোর ৩টায় তার মৃত্যু হয়। র‌্যাব সদস্যরা একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এ ব্যাপারে দুটি মামলা করা হয়েছে।