২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে নতুন ভিসা নীতি হচ্ছে, বাংলাদেশে বিদেশিদের অবস্থান সংক্রান্ত সঠিক কোনো তথ্য সরকারের কাছে নেই

বিদেশিদের বাংলাদেশে অবস্থান সম্পর্কে সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ব্যাপারে নীতি, কৌশল ও প্রক্রিয়ার কোনোটিই না থাকায় সরকার বিদেশির সম্পর্কে তথ্য সহজলভ্য করতে নতুন একটি ভিসা নীতি প্রণয়নের চেষ্টা করছে।

নতুন ভিসা নীতিতে বাংলাদেশ সফরকারী বিদেশিদের জন্য প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে আনা হবে।

সূত্র জানায়, এ বছর সার্ক সম্মেলনের আগে সরকার বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়।

সবকটি গোয়েন্দা সংস্থাই সঠিক তথ্য সরবরাহে ব্যর্থ হয়। এদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ জানায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রায় দু’হাজার বিদেশি বাংলাদেশে অবস্থান করছে।

ভিসা নীতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানান, নতুন ভিসা নীতির কার্যক্রম প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে। তবে কবে নাগাদ ভিসা নীতির কাজ শেষ হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

নতুন ভিসা নীতির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান ভিসা নীতির ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বিদেশিরা বাংলাদেশ সফরে উৎসাহ বোধ করছেন না।

১৯৯১ সালে প্রথম ভিসা নীতি প্রণয়ন করা হয়। সেটিতে দশটি ক্যাটাগরি ছিল। পরবর্তীকালে ২০০১ সালে তাতে সংশোধনী এনে ১১টি ক্যাটাগরি তৈরি করা হয়।

নতুন ভিসা নীতির ফলে জটিলতার অবসান হবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের সনাক্ত করাও সহজ হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।

তিনি আরো জানান, নতুন ভিসা নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার এবং ভিয়েতনামের মতো দেশগুলোর বিভিন্ন দেশের সাথে ভিসাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বাংলাদেশের সমঝোতা চুক্তি রয়েছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার জাতীয়তা সনাক্ত করার জন্য ল্যামিনেট করা পরিচয় পত্রের পাশাপাশি পাসপোর্ট প্রণয়নেরও কাজ চালিয়ে যাচ্ছে।

বৈঠক সূত্র জানিয়েছে, নতুন ভিসা নীতিতে নো এরাইভাল ভিসা, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা মেয়াদের অবস্থানের জন্য জরিমানা এবং ভিসা ফি’র মতো বিষয়সহ বিভিন্ন বিষয়ে সংশোধনী তৈরি করা হয়েছে।

বাংলাদেশের ভিসা নীতির উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভিসা নীতি পর্যালোচনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (রাজনৈতিক) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে পরামর্শ চেয়েছে বলেও সূত্র জানিয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, শিক্ষাসচিব, মহাপরিচালক (পাসপোর্ট) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।