২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৫০

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী--লক্ষ্মীপুর সড়কে বৃহস্পতিবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো-- জামাল হোসেন (৪০), দিপঙ্কর (২৪) ও সোহেল (৮)।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টায় বাংলাবাজার সংলগ্ন কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম থেকে রামগতিগামী হাইওয়ে সুপার সার্ভিস ও বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আনন্দ পরিবহনের চালক ও হেলপারসহ ৫ জন নিহত হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা এক মহিলা এবং  চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যান্যদের বেগমগঞ্জ, লক্ষ্মীপুরসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র আশংকা প্রকাশ করেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তের জন্যে মাইকে ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহানসহ বিভিন্ন নেতারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।