যশোরে আসামীসহ পুলিশ পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ২, আহত ৬, ২য় লিড
খুলনা মহাসড়কে যশোরের রাজারহাটে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসের সাথে পুলিশ পিকআপ ভ্যানের ধাক্কায় দুই আসামীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে পুলিশসহ ছয়জন।
নিহতরা হল- আসামী , আকরাম ও নির্মল। তাদের উভয়ের বাড়ি কেশবপুরে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে যশোরের কেশবপুর থানা থেকে পুলিশের পিকআপে তিনজন আসামীকে আদালতে নিয়ে আসা হচ্ছিল। যশোরের রাজারহাট নামকস্থানে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো - ১১ - ০০৮৫) পিকআপকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে কেশবপুর থানার ওসি শামছুল হক ও তার ছেলে শাহিন রেজা, পুলিশ কনস্টেবল আজিজ, আলমগীর ও ড্রাইভার মজিদ এবং আসামী মোস্তফা, আকরাম ও নির্মল আহত হন। তাদেরকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেলে হাসপাতালে আসামী আকরাম ও নির্মলের মৃত্যু হয়।
এদিকে অবস্থার অবনতিতে দুপুরে গুরুতর আহত মজিদ, আলমগীর ও মোস্তফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আসামীদের বুধবার রাতে কেশবপুরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
অপরদিকে, সাড়ে ১১ টার দিকে একই সড়কের রূপদিয়া নামক স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সাথে ঈগল পরিবহনের একটি কোচের মুখোমুখি সংঘর্ষে দু শিক্ষকসহ ২১ জন আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাসফরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।
