রাজশাহীতে শায়খ রহমান ও বাংলা ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান
গত বছরের ১৭ আগস্ট রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে বোমা বিস্ফোরণের ঘটনায় বুধবার অভিযোগপত্র প্রদান করা হয়েছে।
ডিবি এসআই আচানুল কবির বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, আব্দুল আওয়ালসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের মধ্যে সরোয়ার ও আব্বাস নামের দু’জনের ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, ১৭ আগস্ট দেশজুড়ে বোমা বিস্ফোরণের সময় রাজশাহী মহানগরীতে মোট ১৫টি বোমা বিস্ফোরিত হয়। মহানগর পুলিশ ওই ঘটনার তদন্ত শেষে বুধবার অভিযোগপত্র প্রদান করে।
এসআই আচানুল কবির জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়খ ও বাংলা ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তবে জেএমবির সামরিক কমান্ডার সানির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আসামী করা হয়নি।
