বিএনপি ক্যাডারদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার
কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা এবং বিএনপি ক্যাডরদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে সংবাদমাধম্যের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার।
সংগঠনটি বুধবার জানায়, কুষ্টিয়ায় সাংবাদিক সমাবেশে সোমবার বিএনপি ক্যাডারদের হামলায় ২৫ জন সাংবাদিক আহত হন। কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা বিএনপি’র স্থানীয় এমপি’র হুমকি ও হয়রানির প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিলো।
রিপোর্টার্স উইদাউট বর্ডার বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে আর কোনও সহিংসতা যাতে না চালানো হয় সে ব্যাপারে আমরা বিএনপি’র কর্মীদের আহ্বান জানিয়েছি এবং আমরা সমর্থকদের লাগাম টেনে ধরার জন্যও দলীয় নেতাদের আহ্বান জানাচ্ছি।
সংগঠনটি আরও জানায়, আগামীতে সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ বিভাগকে আরও বেশি পুলিশ মোতায়েন করতে হবে।
সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে সোমবার কুষ্টিয়ায় দেড় শতাধিক সাংবাদিক একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সমাবেশের এক পর্যায়ে বিএনপি’র ক্যাডররা তাদের ওপর হামলা চালিয়ে ২৫ জনকে আহত করে এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেয়। হামলায় বাংলাদেশ অবজারভারের সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিদায়ী সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, আমাদের সময়ের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক মিজানুর রহমান ভেজা মারাত্মক আহত হন।
বিএএনপি সাংসদ শহীদুল ইসলাম ও ক্যাডারদের মামলা, হয়রানি ও হুমকির ভয়ে কুষ্টিয়া থেকে বিতাড়িত দৈনিক মানবজমিনের হাসান জাহিদ, দৈনিক সমকালের মুন্সী তরিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের আল মামুন সাগরকে কুষ্টিয়ায় ফিরিয়ে আনার দাবিতে সাংবাদিকরা সোমবারের সমাবেশের আয়োজন করে।
বিএনপি’র সাংসদ ও তার সমর্থকদের প্রতিহিংসার ওই তিন সাংবাদিকের আহ্বানে সাড়া দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার সাংসদ শহীদুল ইসলামকে এক চিঠিতে ওই তিন সাংবাদিককে কুষ্টিয়ায় অবস্থান করার ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
এদিকে বিএনপি ক্যাডররা মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার স্থানীয় সংবাদপত্র আন্দোলনের বাজার’ এর কার্যালয়ে হামলা চালিয়ে বিতরণ ব্যবস্থাপককে মারধর করে এবং প্রিন্টিং প্লেট নিয়ে যায়। এতে মঙ্গলবার ওই পত্রিকা প্রকাশিত হতে পারেনি। আন্দোলনের বাজারের সম্পাদক মিতু চৌধুরী সোমবারের সমাবেশের একজন উদ্যোক্তা।
