বিশ্বকাপ আসর ধুমপান মুক্ত করতে ফিফা’র কাছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুরোধ
স্বাস্থ্য বিশেষজ্ঞ সংস্থাগুলো ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরে ধুমপান মুক্ত আইন প্রয়োগ করার জন্য বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র কাছে অনুরোধ জানিয়েছে।
২০০২ সালের জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ধুমপান মুক্ত আইন প্রয়োগের জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞ সংস্থাগুলো পরামর্শ দিলেও ফিফা তা গ্রহণ করতে অনীহা প্রকাশ করে।
স্টেডিয়ামগুলোতে দর্শকরা যাতে ধুমপান করতে না পারে সে জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞ সংস্থাগুলো। ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরের স্টেডিয়ামগুলোতে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে ফিফা এক বিবৃতীতে বলেছে, “বিশ্বকাপ ফুটবল আসর সম্পূর্ণভাবে ধুমপান নিষিদ্ধ করা হচ্ছে না।” তবে ফিফা এও জানিয়েছে, তারা পোস্টার, অডিও ও ভিডিও ঘোষণার মাধ্যমে ধুমপান বিরোধী প্রচারনা চালাবে। তাছাড়া ‘দয়া করে ধুমপান করবেন না’ শীর্ষক গানের মাধ্যমে ধুমপান বিরোধী প্রচারনা চালাবে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন এজেন্ট ক্যানকার’স গ্লোবাল স্মোক ফ্রি পার্টনারশিপ সংগঠনের পরিচালক সিনেড জোন্স জানান, স্বেচ্ছায় ধুমপান থেকে রিবত থাকা নীতি অবলম্বনের মানে হচ্ছে, স্টেডিয়াম জুড়ে ধুমপান করতে দেওয়ার অনুমতি দান।
এই সংগঠনটিই জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গত বিশ্বকাপ আসরে ধুমপান মুক্ত আইন প্রয়োগ করার জন্য ফিফা’র কাছে আবেদন করেছিল।
চার বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অলিম্পিক গেমসের মত ২০০২ সালের বিশ্বকাপ আসরের ভেন্যুগুলো তামাক--মুক্ত ঘোষণা করার জন্য ফিফা’র সাথে একটি চুক্তি সম্পাদন করে। চুক্তিতে আশা প্রকাশ করা হয়, আগামী বিশ্বকাপ আসরগুলোতে এটি একটি নজির হিসেবে কাজ করবে।
