২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী হত্যা ও বোমা বিস্ফোরণ মামলার রায় পেছালো, ২৭ জুন নতুন করে শুনানির দিন নির্ধারণ

চাঞ্চ্যল্যকর উদীচী হত্যা ও বোমা বিস্ফোরণ মামলার রায়ের দিন পিছিয়েছে। আদালত আরো যুক্তি তর্কের জন্য ২৭ জুন নতুন করে শুনানির দিন নির্ধারণ করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 02:26 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

দেশের সিরিজ বোমা হামলার প্রথম ঘটনা উদীচী হত্যাযজ্ঞ ও বোমা বিস্ফেরণ মামলার রায়ের দিন মঙ্গলবার যশোরের স্পেশাল জজ (জেলা জজ) মো. আবুল হোসেন বেপারীর আদালতে ধার্য ছিল। কিন্তু, রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক আইনজীবীদের এ মামলায় অধিকতর আইনি ব্যাখ্যা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। বিজ্ঞ বিচারক এ প্রেক্ষিতে আগামী ২৭ জুন মামলার পূর্ণাঙ্গ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।

উদীচী মামলার রায় ঘোষণা হবে এ কারণে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত চত্বর ছিল লোকে লোকারণ্য।

মামলার দিন পেছানোর ব্যাপারে যোগাযোগ করা হলে অতিরিক্ত পিপি সালাহউদ্দিন স্বপন জানান, এ মামলার বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। আদালত মনে করেছে আরো যুক্তিতর্ক গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব তাড়াতাড়ি রায় ঘোষণা হবে।

আসামি পক্ষের আইনজীবী হাসান ইমাম জানান, আদালত শুনানির জন্য এভাবে দিন ধার্য করতে পারেন।

১৯৯৯ সালের ৬ মার্চ রাত ১টা ১০ মিনিটে যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠানে পরপর দু’টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এদিন ছিল অনুষ্ঠানের শেষ দিন। বিস্ফোরণে তপন, সন্ধ্যা, রতন, ইলিয়াস, শাহআলম, মিলনসহ ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়। আহতদের মধ্যে ১০ জন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। এঘটনার পর দিন ৭ মার্চ যশোর কোতয়ালী থানার এসআই আব্দুল আজিজ বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। নারকীয় এই হত্যাকা-ের ৩ দিনের মাথায় মামলাটি সিআইডির হাতে হস্তান্তর করা হয়। মামলার দায়িত্ব পান সিআইডির যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ।

প্রায় ৯ মাস তদন্তের পর দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই ২৪ জনের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম। অন্যান্য অভিযুক্তরা হচ্ছে- মহিউদ্দিন আলমগীর, সিরাজুল ইসলাম, আবুল খায়ের, নূরন্নবী এবং তার ভাই আহসান কবীর হাসান ও মিজান, আশরাফুল আলম ওরফে বেড়ে বাবু, মেহেদি হাসান লিটু, মোকাদ্দেস হাসান বাবু, মুরাদ ওরফে ভেজাল মুরাদ, সাইদুর রহমান সাঈদ, নওশের আলী, শরিফুল ইসলাম ওরফে মিন্টা, রবিউল ইসলাম ওরফে মরণ, সাইফুল ইসলাম, মোস্তফা ওরফে মাস্তান, সোহরাব, সুলতান ওরফে নান্টু, দাউদ সরদার, আসাদুজ্জামান ওরফে হারান্যা খোকন. তবিবর মোড়ল ওরফে তবি মোড়ল, অশোক কুমার ও মহাসীন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালের ২৯ ডিসেম্বর বিচারপতি আবদুল বারী সরকারের নেতৃত্বে উদীচীসহ সাতটি বোমা হামলার তদন্তে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এ কমিশন ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন।

২০০৩ সালের ১২ আগস্ট তরিকুল ইসলাম এ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অব্যাহতি পান। ২০০৫ সালের ২৯ জুন বাকি ২৩ জনকে অভিযুক্ত করে মামলার কাজ শুরু হয়।

যশোরের স্পেশাল জজ (জেলা জজ) মো. আবুল হোসেন বেপারীর আদালতে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সরকার পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ সম্পন্ন হয়। আসামি পক্ষে আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ সম্পন্ন হয় ২৫ মে।

অভিযুক্তদের মধ্যে সাতজন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এদের মধ্যে পাঁচজন পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহার করে নেয়। এরা হল মহিউদ্দিন আলমগীর, আহসান কবীর হাসান, নূরন্নবী, সিরাজুল ও রবিউল ইসলাম মরণ।

আসামিদের মধ্যে মিজানুর রহমান মিজান পলাতক রয়েছে। আহসান কবির হাসান, মেহেদী হাসান লিটু, শরিফুল ইসলাম ওরফে মিন্টা, রবিউল ইসলাম ওরফে মরণ ও সাইফুল ইসলাম জেলখানায় আছে। অন্যরা জামিনে রয়েছে।