ফুটবল প্রেমী প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিশ্বকাপ আসরে উপস্থিত থাকবেন না
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জার্মানিতে আগামী মাস থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে যাবেন না। ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্টের মুৃখপাত্র গোলাম হোসেন বলেন, “বিশ্বকাপ আসরে উপস্থিত থাকবেন না প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।”
ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিশ্বকাপ আসরে ইরানের জাতীয় দলকে সমর্থন করার জন্য জার্মানিতে যাবেন, বিশ্বজুড়ে এ ধরনের কথা বেশ কিছু দিন ধরেই আলোচনা হয়ে আসছিল।
গোলাম হোসেন আরও বলেন,“আমাদের প্রেসিডেন্ট ফুটবল খেলেন এবং খেলাটি পছন্দ করেন। তবে বিশ্বকাপ আসরের ম্যাচগুলো তিনি টেলিভিশনে দেখার সময় পাবেন কি না তা আমি বলতে পারছি না।”
বিশ্বকাপ আসরে ‘ডি’ গ্রুপের ম্যাচে মেক্সিকো, পর্তুগাল ও এঙ্গোল বিরুদ্ধে মাঠে নামবে এশিয়ার ফুটবল পাওয়ার ইরান।
