আকিজ বিড়ি কোম্পানিতে মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে
যশোরের শার্শা উপজেলার নাভারনে আকিজ বিড়ি কোম্পানিতে বিড়ি বাঁধাইয়ের মজুরী বৃদ্ধির জন্য শ্রমিকরা সোমবার সকাল থেকে কর্ম বিরতি পালন করছে।
সূত্র জানায়, বিড়ি কোম্পানিতে পাঁচ সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে। প্রতি হাজার বিড়ি বাঁধাইয়ের জন্য তাদের ১১ টাকা করে দেওয়া হয়।
সম্প্রতি শ্রমিকরা বিড়ি বাঁধাইয়ের জন্য প্রতি হাজারে এক টাকা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে জানায়। কোম্পানির একজন শ্রমিক জানান, আমরা মাত্র এক টাকা বৃদ্ধি করার দাবি জানিয়েছি কিন্তু তারা সেটাও দিচ্ছে না।
কোম্পানির ম্যানেজার আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদের তিনি জানিয়েছেন যে, মালিক সিঙ্গাপুরে আছেন তিনি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় তারা সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে দেয়। পুলিশ ও থানা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিড়ি ফ্যাক্টরির বাইরে অবস্থান নিয়েছে।
