২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির ২ বিচারক হত্যা মামলা: শায়খ রহমান, বাংলা ভাইসহ ৭ জনের ফাঁসি

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাত জনের বিরুদ্ধে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিক রেজা আহম্মেদ জনাকীর্ণ আদালতে সোমবার ১০টা ৫৫ মিনিটে র‌্যাব - পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই বিচারক হত্যা মামলার রায় ঘোষণা করেন। এই প্রথম তাদের বিরুদ্ধে কোনো মামলায় ফাঁসির রায় হল।

মুত্যুদ-প্রাপ্ত অপর পাঁচ জন হলো- আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার হাসান আল মামুন এবং আসাদুল ইসলাম আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক। বাকিরা রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলো।

অপর আসামী সুলতান হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।

আদালতের বিচারক সাত আসামীর বিরুদ্ধে প্রাথমিকভাবে দুই বিচারক সোহেল আহম্মদ ও জগন্নাথ পাঁড়ে হত্যার সাথে জড়িত প্রমাণিত হওয়ায় ১২০ (বি) এবং ৩০২ ধারায় অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ফাঁসির দ-াদেশ দেন। এ রায় প্রকাশের সাত দিনের মধ্যে অভিযুক্ত আসামীদের উচ্চ আদালতের আপিলের সুযোগ রয়েছে।

রায় ঘোষণার পর পর বিচারক তারিক রেজা আহম্মেদের খাস কামরায় হাসপাতালের একটি টিম তার শারীরিক পরীক্ষার জন্য ছুটে আসেন।

এর আগে বিচারক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবি জানিয়ে আদালত পাড়ায় ব্যাপক পোস্টারিং করা হয়। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে লাগানো এসব পোস্টারে জঙ্গিদের ফাঁসির দাবি জানানো হয়। 

এ রায়ে নিহতদের স্বজন ও আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানিয়ে নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যেতি পাঁড়ে বলেছেন, প্রকাশ্যে খুনিদের ফাঁসি দিয়ে প্রমাণ করতে হবে কোনো খুনিই আইনের উর্ধ্বে নয়। আমি স্বামী হারিয়েছি, আমার সন্তান তার বাবাকে হারিয়েছে। কোনোভাবেই এ শূণ্যতা পূরণ হবার নয়। যত তাড়াতাড়ি সম্ভব এ রায় কার্যকর হলে অন্তত কিছুটা হলেও আমরা শান্তি পাব।

নিহত অপর বিচারক সোহেল আহম্মেদের স্ত্রী কান্তা কান্না জড়িত কন্ঠে বলেছেন, খুনিদের ফাঁসি হোক এটা আমার দাবি। পাশাপাশি সরকারের কাছে আমার অনুরোধ দেশের কোথাও যেন ঝালকাঠির মত ট্রাজেডি না ঘটে।

পিপি হায়দার হুসাইন ও মামলার বাদি সুলতান আহম্মেদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বোমাবাজদের উচিত শিক্ষা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর সরকারি বাসভবন থেকে মাইক্রোবাসযোগে আদালতে যাওয়ার সময় জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় ঝালকাঠি জজশিপের দু’ সিনিয়র সহকারি জজ সোহেল আহম্মদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হয় সুইসাইড স্কোয়াড সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় জেলা জজশিপের পিওন আব্দুল মান্নান ও এক পথচারী দুধ বিক্রেতা আহত হন।

ঘটনার পর জজশিপের গাড়িচালক সুলতান আহম্মেদ খান বাদি হয়ে ঝালকাঠি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। এর একটি খুনের দায়ে এবং অপরটি বিষ্ফোরক আইনে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র স্পেশাল এএসপি মুন্সি আতিকুর রহমান আটজনের বিরুদ্ধে গত ২১ মার্চ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে ১৮ এপ্রিল মামলাটি আমলে নেন। ২৩ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলার চার্জ গঠন এবং ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট আটটি কার্যদিবসে ৫৩ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ১৫ মে আদালত আসামিদের বক্তব্য শোনেন। ১৮ মে মামলার যুক্তি - তর্ক উপস্থাপন করা হয়।

মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট হায়দার হুসাইন। অ্যাডভোকেট সিদ্দিক হোসেন আসামি পক্ষের সরকার নিয়োজিত আইনজীবী ছিলেন।

তবে জেএমবি’র নেতারা মামলার শুরু থেকেই আইনজীবীর সহায়তা নিতে অস্বীকৃতি জানায়। তারা স্টেট ডিফেন্স আইনজীবীকে বিভিন্নভাবে কটুক্তি ব্যঙ্গ - বিদ্রুপ করায় তিনি শুধুমাত্র ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার সুলতান আহম্মেদের পক্ষে যুক্তি - তর্ক উপস্থাপন করেন। তাকে এ মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ বছর করে সশ্রম কারাদ- প্রদান করেছেন।