২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও শিশু পাচার রোধে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চুক্তি স্বাক্ষরে সেমিনারে বক্তাদের আহ্বান

পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে রোববার আলোচকরা নারী ও শিশু পাচার রোধে মানব সম্পদ গ্রহিতা দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে রোববার দুই দিনব্যাপী এ পরামর্শক সেমিনার শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ারবি আয়োজিত সেমিনারের প্রথম দিন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

দ্বিতীয় দিন সোমবার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।

গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের ড. হামিদা হোসেন।

মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নির্বাহী পরিচালক অ্যাড. সালমা আলী ও ইনসিডিনের নির্বাহী পরিচালক একে মাসুদ আলী।

আলোচনায় অংশ নেন ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বায়রার আব্দুল আলীম, যায়যায়দিনের রবিউল হক, ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন, জনকণ্ঠের নাজনীন আকতার, আজকের খবরের মোশাররফ হোসেন, আলোকচিত্রী সৈয়দা ফারহানা, এনজিও প্রতিনিধি তানভীর সিদ্দিকী, নাহিদ সুলতানা ও সামসুন্নাহার চৌধুরী।

মূল বক্তব্যে সালমা আলী বলেন, অভিবাসন ও পাচার দুটি ভিন্ন বিষয়। অভিবাসন প্রতিটি মানুষের অধিকার কিন্তু পাচার একটি অপরাধ। আমাদের বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে পাচার রোধে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাচারের শিকার নারী ও শিশুদের ছাড়িয়ে আনতে সরকারকে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে শুধুমাত্র থাইল্যান্ডের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আর কোনো দেশের সাথে চুক্তি নেই। অপরদিকে অনেক দেশেই মানব সম্পদ রপ্তানি করা হলেও শুধুমাত্র কুয়েতের সাথে চুক্তি এবং মালয়েশিয়া ও দোহার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ব্যাপারে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে।

এ জন্য শুধু সরকারি পর্যায়ে আলোচনা করলেই চলবে না, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর সাথে আলোচনা করে সিডও এবং সার্ক কনভেনশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

আলোচকরা বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশী কর্মীদের স্বার্থ রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।