নরসিংদীতে যৌতুকের দাবী পুরণ না হওয়ায় কনের বাড়িতে হামলা, ভাংচুরে আহত ১৫
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে শুক্রবার বরযাত্রী এবং কনের বাড়ির লোকজনদের মধ্যে সংঘর্ষে পাঁচজন মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
সূত্র জানায়, শুক্রবার গ্রামের মৃত সাহেদ আলীর মেয়ে রাবেয়া আক্তার (১৮)’র সাথে পাশের গ্রাম চর মরজালের নবী মিয়ার ছেলে আল আমিনের (২০) বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ে পড়ানোর সময় কনের ভাইয়ের কাছে বরের বাবা ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন। তাৎক্ষনিকভাবে টাকা দিতে না পারায় বরের বাবা বিয়ে ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বরপক্ষের লোকজন কনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। হামলার সময় কনের আত্মীয়স্বজনদের কয়েক ভরি স্বর্নও লুট হয়। এ সময় মহিলাসহ ১৫ জন আহত হয়।
গুরুতর আহত আব্দুল হাকিমকে (৬০) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
