২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যক্ষার রোগের মারাত্মক প্রাদুর্ভাব

রাজশাহীর আদিবাসী এবং সীমান্ত এলাকায় যক্ষা রোগের মারাত্মক প্রভাব দেখা দিয়েছে। মহিলাদের চেয়ে পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এই সব রোগীর অধিকাংশই আদিবাসী সাঁওতাল এবং সীমান্ত ইউনিয়ন চর আঘাড়িয়াদহ এলাকার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 09:42 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

গোদাগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ডেমিয়েন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য ললিত টুলু বিডিনিউজকে বলেন, আদিবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কম, তারা অসুস্থ অবস্থায় মাঠে অন্যান্যদের সাথে প্রতিদিন কাজ করছে। ফলে সহজেই পরিবারসহ সকলের মাঝে এ রোগ ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, প্রতিবেশি দেশ ভারতে এ রোগের ভয়াবহতা অনেক বেশি। জীবানুবাহিত এ রোগটি কফ, হাচি, কাশির মাধ্যমে বাতাসের সাথে মিশে দ্রুত ছড়িয়ে পড়ছে।

গোদাগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত চার মাসে গোদাগাড়িতে প্রায় ৭০ জন যক্ষা রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যার মধ্যে ৪১ জনের অবস্থা ছিল ভয়াবহ। এই এলাকায় মোট যক্ষা রোগীর সংখ্যা ১৬৩ জন।

এছাড়াও গত বছরে এই উপজেলায় পাঁচ জন যক্ষা রোগী মারা গিয়েছে।

গোদাগাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আমিন বিডিনিউজকে জানান, আক্রান্ত একজন রোগীকে ছয় মাস মেয়াদী কয়েকটি ধাপে চিকিৎসা সেবা নিতে হয় কিন্তু অনেকেই এক থেকে দেড় মাস চিকিৎসা সেবা নিয়ে আর হাসপাতালে আসে না।

বাসুদেবপুর ও মোহনপুর ইউনিয়ন এবং পৌরসভা কাকনহাটে যক্ষা মুক্ত করার অঙ্গীকার নিয়ে যক্ষার কফ সংগ্রহ কেন্দ্র চালু করা হচ্ছে। গোদাগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ডেমিয়েন ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে এই কেন্দ্রগুলো।

সঠিক, দ্রুত সেবা এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহে একদিন মাঠকর্মীরা কেন্দ্রগুলোতে যায়। যক্ষা আক্রান্ত সন্দেহে রোগীদের কফ সংগ্রহ করে এবং পরীক্ষার পর যক্ষা জীবাণু ধরা পড়লে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়।

যক্ষার হাত থেকে রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির জন্য আক্রান্ত গ্রামগুলোতে দেশীয় সংস্কৃতি সম্পন্ন গম্ভীরা গান পরিবেশন করা হচ্ছে।