বান্দরবানে কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধনের একমাসেও চালু হয়নি
বান্দরবান জেলায় কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধনের এক মাস পার হলেও তা চালু না হওয়ায় তা জনগণের কোনো উপকারেই আসছেনা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাড়ে ৪ একর ভূমির উপর হাফেজঘোনা এলাকায় ১৯৯৮ সালে কেন্দ্রীয় বাস টার্মিনালটি নির্মাণ কাজ শেষ করে। নির্মাণের দীর্ঘ ৮ বছর পর গত ১৬ এপ্রিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খান এম ইব্রাহিম হোসেন টার্মিনালটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণ মালিক ও শ্রমিকরা আশা করেছিল টার্মিনালটি চালু হলে বর্তমানে অস্থায়ী বাস স্টেশনের উপর যে চাপ পড়ছে তা নিরসন হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হলেও এখন টার্মিনালটি চালু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান খোকন জানান, টার্মিনাল উদ্বোধন কমিটি তড়িঘড়ি করে এটি উদ্বোধন করলেও এখন এটি চালু করতে আগ্রহী নয়।
