উন্নয়নশীল বিশ্বে নিয়মমাফিক টিকাদানের মাধ্যমে লক্ষ লক্ষ লোকের প্রাণ বাঁচানো সম্ভব
নেতৃস্থানীয় আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল নিউমোকোকাল ভ্যাকসিনের দাম উন্নয়নশীল বিশ্বের দেশগুলো ও তার অংশীদারী প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভ্যাকসিন প্রস্তুতকারক ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দলটি নিউমোকোকাল ভ্যাকসিনের ব্যবহার শুরু করারও আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, রোগটির ব্যাপক ক্ষতিকর প্রভাব এড়াতে শিশুদের জন্য নিয়মমাফিক নিউমোকোকাল টিকাদানের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান মতে, পাঁচ বছরের নিচের বয়সী ১ মিলিয়নেরও বেশি শিশুসহ ১ দশমিক ৬ মিলিয়ন লোক প্রতি বছর নিউমোকোকাল নিউমোনিয়া, মেনিনজাইটিস ও সেপসিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
উচ্চ শিশু মৃত্যুহারের জনসংখ্যার ক্ষেত্রে সংক্রামক রোগ নিউমোনিয়া হচ্ছে অন্যতম প্রধান মৃত্যুর কারণ। আর সারা বিশ্বের মোট শিশুমৃত্যুর ২০ থেকে ২৫ শতাংশ ঘটে নিউমোনিয়ার কারণে।
বিশ্বের শিল্পোন্নত আটটি দেশের সংগঠন গ্রুপএইটের (জি৮) মন্ত্রীদের ভ্যাকসিনের জন্য অনুদান সংক্রান্ত বৈঠকের আগে ব্যবস্থা গ্রহণের এ আহ্বান জানানো হলো।
ভ্যাকসিন ও টিকাদানের জন্য আন্তর্জাতিক জোট তহবিল (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন্স অ্যান্ড ইম্যুউনাইজেশন ফান্ড) প্রতিষ্ঠাসহ টিকাদানে অর্থায়নের ক্ষেত্রে গত পাঁচ বছরের বেশি সময়ে বড় ধরনের যে পরিবর্তন লক্ষ্য করা গেছে, তারই অংশ হিসেবে সর্বসাম্প্রতিক এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ম্যাগাজিন দ্যা ল্যানসেটে প্রকাশিত প্রবন্ধের শীর্ষস্থানীয় লেখক ও বেসরকারি সংস্থা নিউমোএডিআইপি’র নির্বাহী পরিচালক ড. অরিন লেভাইন বলেন, আমরা আশা করছি প্রচলিত টিকাদান কর্মসূচির সাথে এই ভ্যাকসিন যুক্ত করার মাধ্যমে লাখ লাখ শিশুর জীবন যে বাঁচানো যাবে, সে বিষয়টি উন্নয়নশীল দেশগুলো বিবেচনা করতে শুরু করবে।
শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন ব্যবহারের সময়সীমার পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে নিউমোএডিআইপি সংগঠনটি।
অ্যাড ইনটেরিম, ইপিআই ও ডব্লিউএইচও’র সহসমন্বয়ক এবং প্রবন্ধটির সহলেখক ড. থমাস চেরিয়ান বলেন, নিউমোকোকাল রোগ বড় ধরনের আন্তর্জাতিক স্বাস্থ্য ইস্যু। আশাব্যঞ্জক কথা হচ্ছে, নিউমোকোকাল রোগের বিরুদ্ধে কার্যকর এমন সাত ভ্যালেন্টের ভ্যাকসিন ব্যবহারের পক্ষে ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। পৃথিবীর ৬০টির বেশি দেশে এটি ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, ডব্লিউএইচও মনে করে, নিউমোকোকাল ভ্যাকসিনকে অগ্রাধিকার দেওয়া উচিৎ। পাশাপাশি ডব্লিউএইচও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের জন্য এ ভ্যাকসিন সহজলভ্য করার জরুরি প্রয়োজনীয়তাকে স্বীকার করে।
সাত ভ্যালেন্টের ভ্যাকসিনটির ব্যবহার শুরু করার মানেই সরাসরি জীবন রক্ষা শুরু হলো। ওয়াইয়েথ প্রস্তুতকৃত ভ্যাকসিনটি কার্যকর ও সহনশীল এবং প্রচলিত টিকাদান পদ্ধতিতে শরীরে প্রদান করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ উপাত্ত থেকে জানা যায়, শিশুদের নিয়মমাফিক নিউমোকোকাল টিকাদান পদ্ধতির প্রভাব সরাসরি টিকাদান পদ্ধতি প্রভাবের চেয়ে দ্বিগুন ঝুঁকিপূর্ণ পূর্ণবয়স্ক ও শিশুদের রক্ষা করতে পারে।
দ্যা ল্যানসেটের প্রবন্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভ্যাকসিন ও টিকাদানের জন্য আন্তর্জাতিক জোট তহবিলের নির্বাহী সচিব জুলিয়ান লব - লেভিয়েট বলেন, শিশুহত্যাকারী রোগের বিরুদ্ধে ভ্যাকসিনের উপকারিতার ব্যাপারে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। বিশেষ করে এ সাধারণ স্বাস্থ্য উদ্যোগ ২০১৫ সালের মধ্যে শিশুমৃত্যুর হার দুইতৃতীয়াংশ কমিয়ে আনার মাধ্যমে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের চার নং লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে।
তিনি বলেন, যে দেশগুলোতে নিউমোকোকাল রোগ জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের বোঝা বলে পরিগণিত হয়, সে দেশগুলোকে কিভাবে সর্বোৎকৃষ্ট উপায়ে সহযোগিতা প্রদান করা যায়, সে ব্যাপারে ভ্যাকসিন ও টিকাদানের জন্য আন্তর্জাতিক জোট তহবিল নিবিড়ভাবে কাজ করবে।
গ্লাক্সোস্মিথক্লাইন প্রাইভেট লিমিটেড কোম্পানির ভ্যাকসিন বিভাগ গ্লাক্সোস্মিথক্লাইন বায়োলজিক্যালসের সভাপতি জ্যঁ স্টিফান দ্যা ল্যানসেট প্রবন্ধের আহ্বানকে স্বাগত জানান। তিনি বলেন, নিউমোকোকাস সেরিওটাইপসের ১০টি গুরুত্বপূর্ণ স্ট্রেইনের বিরুদ্ধে কাজ করে এমন এক ভ্যাকসিন উন্নয়ন প্রক্রিয়ায় জিএসকে বায়ো অনেক বছর ধরেই বিনিয়োগ করছে। আমাদের অনুসন্ধান ফলাফল এখন আন্তর্জাতিক ক্লিনিকাল প্রোগ্রামে পরীক্ষা করে দেখা হচ্ছে।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ করার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। টেকসই দামে বিশ্বজুড়ে আমাদের নিউমোকোকাল ভ্যাকসিন সহজলভ্য করতে আমরা প্রতিজ্ঞ। আমরা আশা করছি, সরকার, দাতা সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থায় আমাদের অংশদারীরা দৃঢ় বিক্রয় প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাবে। এর ফলে যত বেশি সম্ভব জীবন রক্ষা করা সম্ভব হবে।
ওয়াইয়েথ ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন ব্যবসা ইউনিটের নির্বাহী সহসভাপতি ও মহাব্যবস্থাপক জেমস কনোলি ব্যবস্থা গ্রহণের দাবির সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, ৬০টি দেশে প্রিভনার চালু করা হয়েছে। যেখানে এটি ব্যবহার করা হচ্ছে, সেখানেই শিশুদের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে এটি সক্ষম হয়েছে।
তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে শিশুদের প্রিভনার সরবরাহে সহযোগিতা করতে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সক্রিয়ভাবে কাজ করছি।
ওয়াইয়েথ গবেষকরা আক্রমণাত্মক নিউমোকোকাল রোগের ১৩টি প্রাসঙ্গিক সেরোটাইপসের বিপক্ষে কাজ করে এমন ভার্সনসহ প্রিভনারের নতুন ভার্সনের ওপর কাজ করা অব্যাহত রেখেছেন। সারা বিশ্বে বয়স্ক ও শিশুদের জন্য এর উপকারিতা এটি বি¯তৃত করবে বলে বলা হচ্ছে।
