গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানা খুলেছে, মোশরেফা মিশুর জামিন
গত কয়েকদিনের সহিংস আন্দোলনে বন্ধ থাকা গাজীপুরের বেশির ভাগ পোশাক কারখানায় বৃহস্পতিবার উৎপাদন শুরু হয়েছে। এদিকে পাঁচ দিনের রিমান্ডে থাকা গার্মেন্টস ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশুসহ আটকরা জামিন লাভ করেছেন।
সরেজমিনে দেখা যায়, বিডিআর, র্যাব ও পুলিশের পাহারায় কারখানা খুললেও শ্রমিক এবং কর্মকর্তা--কর্মচারিদের উপস্থিতি ছিল কম।
অন্যদিকে আটটি শিল্প প্রতিষ্ঠান ২৩ মে’র সহিংস ঘটনায় ক্ষতির বিবরণ উল্লেখ করে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। অবশ্য যেসব কারখানায় বেশি ক্ষয়--ক্ষতি বেশি হয়েছে, সেগুলো এখনও চালু করা সম্ভব হয়নি।
গাজীপুরে বৃহস্পতিবারও র্যাবসহ আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল উল্লেখ করার মতো।
র্যাবের হেলিকপ্টার বাহিনীও গাজীপুরের আকাশে টহল দিয়েছে।
এদিকে গাজীপুরের প্রথম ম্যাজিস্ট্রেট আদালত থেকে সন্ধ্যায় মোশরেফা মিশুসহ অন্যরা মুক্ত হলে তাদের সমর্থকরা বিজয় মিছিল করে।
মিশুসহ নয়জনকে এ আদালত বুধবার পাঁচ দিনের রিমান্ড দেয়।
জানা যায়, ঢাকায় বুধবার অনুষ্ঠিত সরকার, বিজেএমইএ, এবং শ্রমিকদের ত্রি--পাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী তাদের জামিনের ব্যবস্থা করা হয়।
