২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে ইন্টার্নি ডাক্তারদের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দু’ দল ইন্টার্নি ডাক্তারের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ইন্টার্নি ডক্টরস পরিষদের নতুন কমিটি গঠনের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

পরে একটি গ্রুপ কলেজের সম্মেলন কক্ষ ও আবাসিক চিকিৎসকের কক্ষের দরজা জানালা ভাংচুর করে।

তারা নব গঠিত কমিটি বাতিলের দাবিতে একটি মিছিলও বের করে।

আহতদের মধ্যে ইন্টার্নি ডক্টরস পরিষদের নবগঠিত কমিটির সভাপতি ড. মামুন শিবলি ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আসাদুজ্জামান রয়েছেন।

আহত অন্যান্যরা হলেন অধ্যাপক মাহবুব আলম, ড. জাহিদ এবং ড. নিজামুদ্দিন।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, ইন্টার্নি ডক্টর পরিষদের নবনির্বাচিত সদস্যরা ডক্টরস কেন্টিনের দেওয়ালে নতুন কমিটির তালিকা লাগাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

ইন্টার্নি ডাক্তারদের একটি দল নবগঠিত কমিটির ব্যাপারে আপত্তি জানায় এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষরত ডাক্তাররা কেন্টিনে ভাংচুর চালায়।

অধ্যাপক ড. মাহবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে কমিটি বিরোধী দলটি তার ওপর আক্রমণ চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে ইন্টার্নি ডক্টরস পরিষদের নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাৎ করেন এবং নতুন কমিটির তালিকা হস্তান্তর করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব নেতৃবৃন্দ সমস্যার সমাধানের জন্যে ঘটনাস্থলে যান।

তারা ইন্টার্নি চিকিৎসক পরিষদ (আইডিপি) নেতাদের বলেছেন, নবগঠিত কমিটিই বহাল থাকবে এবং যারা এ হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।