২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যালে দু’ দল ইন্টার্নি ডাক্তারের সংঘর্ষে আহত ৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দু’ দল ইন্টার্নি ডাক্তারের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ইন্টার্নি ডক্টরস পরিষদের নতুন কমিটি গঠনের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আহতদের মধ্যে ইন্টার্নি ডক্টরস পরিষদের নবগঠিত কমিটির সভাপতি ড. মামুন শিবলি ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আসাদুজ্জামান রয়েছেন।

আহত অন্যান্যরা হলেন অধ্যাপক মাহবুব আলম, ড. জাহিদ এবং ড. নিজামুদ্দিন।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, ইন্টার্নি ডক্টর পরিষদের নবনির্বাচিত সদস্যরা ডক্টরস কেন্টিনের দেওয়ালে নতুন কমিটির তালিকা লাগাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

ইন্টার্নি ডাক্তারদের একটি দল নবগঠিত কমিটির ব্যাপারে আপত্তি জানায় এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষরত ডাক্তাররা কেন্টিনে ভাংচুর চালায়।

অধ্যাপক ড. মাহবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে কমিটি বিরোধী দলটি তার ওপর আক্রমণ চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে ইন্টার্নি ডক্টরস পরিষদের নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাৎ করেন এবং নতুন কমিটির তালিকা হস্তান্তর করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।