অসুস্থ রাষ্ট্রপতিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে নিয়ে বুধবার বিকাল ৫ - ৫০ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স জিয়া আস্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে গেছে। তিনি বিশ্ব খ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাকে বিদায় জানান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পীকার হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
চিকিৎসার জন্য গঠিত উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী জানান।
রাষ্ট্রপতির পতœী প্রফেসর ড. আনোয়ারা বেগম ও পুত্র ইমতিয়াজ আহম্মেদ রাষ্ট্রপতির সঙ্গে আছেন।
সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার রাতে আবুধাবী থেকে টেলিফোনে রাষ্ট্রপতির অবস্থার খোঁজ খবর নেন।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মেডিকেল চেক আপের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রফেসর ব্রিগ্রেডিয়ার (অব.) এমএ মালিকের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণ করেন।
মেডিকেল বোর্ডের অন্যান্যদের মধ্যে রয়েছেন: মেজর জেনারেল ময়ীদ সিদ্দিকী, অধ্যাপক কেএমএইচএস সিরাজুল হক, অধ্যাপক সুফিয়া রহমান, মেজর জেনারেল জিএম রব্বানী, কর্নেল শেখ বাহার হোসাইন ও লেফটেনেন্ট কর্নেল এসএম মামুনুর রহমান।
রাষ্ট্রপতি কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এর আগেও তার মেডিকেল চেক আপ করা হয়েছিলো বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদসহ মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রাষ্ট্রপতিকে হাসপাতালে দেখতে যান।
রাষ্ট্রপতির পতœী প্রফেসর ড. আনোয়ারা বেগম তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
