২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর দু’দফা গুলিবর্ষণে ঘটনাস্থলে দুইজন বাংলাদেশী নিহত এবং চারজন আহত হয়েছে। বিডিআর বুধবার একথা জানায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 01:06 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহতরা হচ্ছে-সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রাহাতুল্লার পুত্র আমিনুর রহমান (১৮) এবং লক্ষ্মীদাড়ি গ্রামের ছাকাত গাজীর পুত্র কবির (৩৪)।

ভোমরা সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে রুটিন পতাকা বৈঠক সোমবার অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো।

বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, ঘোজাডাঙ্গা ক্যাম্পের জোয়ানরা মঙ্গলবার রাতে ভোমরা সীমান্তের তিন নম্বর মেইন পিলারের দু’শ’ গজ অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে দু’দফা গুলিবর্ষন করলে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মফিজুলকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সীমান্তের অপর একটি সূত্র জানায়, নিহত দুই বাংলাদেশীর লাশ বিএসএফ নিয়ে গেছে।

সাতক্ষীরা-৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আসাওয়াদুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, নিহতদের লাশ ফেরত আনার জন্য বিএসএফ’র কাছে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।