২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. লি জং উক সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। ৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সম্মেলন স্থলে শোকের ছায়া নেমে আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গত ২০ মে বিকালে জেনেভায় ৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে আসা চীনের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া এক অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্মেলন উদ্বোধনের পর তার মৃত্যুর খবরে তা ৩০ মিনিট মুলতবী করা হয়।

ড. লী জং উক দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং এক ছেলের পিতা।

সম্মেলন উপলক্ষে জেনেভায় সফররত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ড. লী জং উক’র আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ড. লী ২০০৩ সালের ২১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৬তম মহাপরিচালক পদে নিয়োগ লাভ করেন। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক নিয়োগ লাভের কিছুদিন আগে তিনি বাংলাদেশে আসেন এবং জাতীয় টীকা দিবস পর্যবেক্ষণ করেন।