প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে জিপ উল্টে ২ জন নিহত, আহত ১৫
কক্সবাজারের উখিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনসভা থেকে ফেরার পথে জিপ উল্টে দু জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং অপর ছয়জনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাত প্রায় ৯টায় কক্সবাজার--টেকনাফ সড়কের বরইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত উপজেলা টেকনাফের সর্বদক্ষিণ সীমান্ত ইউনিয়ন শাহপরীর দ্বীপ থেকে জিপ বোঝাই করে শত শত লোক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে উখিয়ায় এসেছিল। জনসভা শেষে ফেরার পথে টেকনাফের বরইতলী নামক একটি উঁচু জায়গায় পৌঁছে জিপটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার দীল মোহাম্মদের পুত্র নুর মোহাম্মদ (২৭)। একই এলাকার আলী আহমদের পুত্র জুবায়ের আহমদ (২৮) কক্সবাজার জেলা হাসপাতালে আনার পর মারা যায়। আহতদের মধ্যে রাতেই তিন জনকে এবং সোমবার সকালে চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
