আঞ্চলিক পরিবেশ চুক্তির পরিকল্পনা করছেন সার্ক বিশেষজ্ঞরা
আঞ্চলিক পরিবেশ চুক্তির রূপরেখা প্রণয়ন ও আন্তঃসীমান্ত নদীগুলোর পানি প্রবাহ নিশ্চিত করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরিবেশ ও বন বিষয়ক কমিটির বিশেষজ্ঞদের দ্বিতীয় বৈঠক সোমবার ঢাকায় শুরু হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির এই বৈঠকে বুধবার অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক কাজ করা হয়। পাশাপাশি ওই বৈঠকের আগে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বিশেষজ্ঞ কমিটির বৈঠক উদ্বোধনকালে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি এবং ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে এগিয়ে আসতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, পরিবেশ, বিশেষ করে দুর্যোগ ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, আর্সেনিক দূষণ, পানি সংরক্ষণ, দক্ষিণ এশিয়ার সবুজায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোর পানি ভাগাভাগিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে।
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পরিবেশগত বিষয়ে সহযোগিতা আরও বৃদ্ধি করার জন্যে সার্ক পরিবেশ চুক্তি স্বাক্ষরে রূপরেখা প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে তরিকুল ইসলাম আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধের ওপর পূর্ণাঙ্গ কাঠামো তৈরি, পরিবেশ চুক্তির জন্যে রূপরেখা নির্ধারণ এবং ২০০৭ সালকে ‘সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ’ হিসেবে উদযাপনের পরিকল্পনার সাথে সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছে।
দক্ষিণ এশীয় অঞ্চলে পরিবেশগত ভারসাম্যহীনতা এড়াতে আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যূনতম পানির প্রবাহ নিশ্চিত করার বিষয়েও বিশেষজ্ঞ কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলের উপদেষ্টা ও বাংলাদেশে আইইউসিএনের আবাসিক প্রতিনিধি আইনুন নিশাত বলেন, পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে নদীগুলোতে ন্যূনতম পানির প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত নদীগুলোতে নির্দিষ্ট পরিমাণ পানি সংরক্ষণে রূপরেখা নির্ধারণ করা প্রয়োজন।
তিনি বলেন, এ অঞ্চলের বিশেষজ্ঞরা মাটির ক্ষয়, ভূমিধস, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের ভারসাম্যের অবনতির ব্যাপারে উদ্বিগ্ন। আঞ্চলিক পরিবেশ চুক্তি স্বাক্ষর হলে তা পরিবেশ সংক্রান্ত ইস্যুগুলোকে আরও সংগঠিত উপায়ে বিবেচনা করতে সার্ক দেশগুলোকে সহায়তা করবে।
