২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শতাধিক বাস-ট্রাকে গণডাকাতি, ট্রাক হেলপার নিহত

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দশমাইল এলাকায় সোমবার ভোরে শতাধিক বাস ও ট্রাকে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় একজন ট্রাকের হেলপার নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 11:42 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ট্রাক ও বাসের চালক-শ্রমিকরা জানান, রাত ২টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত দশমাইল নামক স্থানে ধানের নাড়া রাস্তার উপর ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ডাকাত দল একটি ট্রাকের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।

ওই ট্রাকের হেলপার ফুলবাবু ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ডাকাতদের ব্যারিকেডের মুখে সড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার জুড়ে আটকে পড়া বাস-ট্রাক থেকে ডাকাতরা অস্ত্রের মুখে মোবাইল সেট ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। দুই ঘন্টাব্যাপী ডাকাতি শেষে ভোর ৪টার দিকে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক-জনতা আট ঘন্টা ওই মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের ব্যারিকেডের ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী জানায়, এই মহাসড়কের মিরপুর-ভেড়ামারার বিভিন্ন স্থানে প্রায়শঃই ডাকাতির ঘটনা ঘটছে।

ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যারিকেড অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।