ইংল্যান্ডের প্রথম ম্যাচে খেলতে পারেন রুনি
জার্মানি বিশ্বকাপের উদ্বোধনের পরদিন প্যারাগুয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই ম্যাচকে ঘিরে ইংল্যান্ড শিবিরের জন্য ভালো একটি খবরও আছে।
তাদের তুখোড় স্ট্রাইকার ওয়েন রুনি প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন।
কয়েকদিন আগে ম্যানচেষ্টার ইউনাইটেডের এই তারকা স্ট্রাইকার পা ভেঙ্গে বসায় বিশ্বকাপে তার খেলা নিয়েই তৈরী হয়েছিল সংশয়। ইংলিশদের আক্রমনভাগের তুরুপের তাস ২০ বছর বয়স্ক এই স্ট্রাইকার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন এটা রুনি প্রেমিকরা প্রায় ধরেই নিয়েছিলেন।
কিন্তু শনিবার দ্য সান পত্রিকায় রুনির দ্রুত সেরে ওঠার খবরে তার ভক্তরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছেন বলাই যায়।
রুনি বৃহস্পতিবার তার ভাঙ্গা পায়ের আরেকটি স্ক্যান করিয়েছেন। স্ক্যান রিপোর্টের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে তার খেলার বিষয়টি।
অবশ্য ইংল্যান্ড দলের ম্যানেজার সভেন গোরান এরিকসন তার স্ট্রাইকিং জোনের অপর দুই সেনা লিভারপুলের পিটার ক্রাউচ এবং নিউক্যাসলের মাইকেল ওয়েনের উপর যথেষ্ট ভরসা রাখতে পারেন। এদের সাথে নতুন অস্ত্র হিসেবে যোগ হয়েছেন আর্সেনালের হয়ে এখনও মাঠে না নামা থিও ওয়ালকট।
