২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এমপির ধমকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাত নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

সাভার উপজেলার আশুলিয়া থানা পুলিশ ধর্ষণ মামলায় হুলিয়াপ্রাপ্ত আসামি এক জামাত নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় সাংসদ সদস্য মো. সালাউদ্দিনের ধমকে শনিবার সকালে থানা থেকে ছেড়ে দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার আসামি স্থানীয় জামাত নেতা আইয়ূব আলীকে শুক্রবার সকালে আশুলিয়া থানা পুলিশ সাভারের চারিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে। জামাত নেতাকে গ্রেপ্তারের খবর জানতে পেরে স্থানীয় সাংসদ মো. সালাউদ্দিন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিনকে ফোনে ধমক দিয়ে আইয়ূব আলীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

সাংসদের নির্দেশের পর শনিবার সকালে আশুলিয়া থানা পুলিশ আইয়ূব আলীকে থানা হেফাজত থেকে ছেড়ে দেয়।

এদিকে তাকে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, কিছুদিন আগে জামাত নেতা আইয়ূব আলী ও তার দুই সঙ্গী স্থানীয় এক এতিম কিশোরীকে গণধর্ষণ করে। ধর্ষণের শিকার কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গ্রেপ্তারকৃত জামাত নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সাভারের সাংসদ মো. সালাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।