জেলা গভর্নর পদে লায়ন চুন্নুর প্রতিদ্বন্দ্বিতার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
ঢাকা-সিলেট অঞ্চলের লায়ন্স ক্লাবের জেলা গভর্নর পদে মুজিবুল হক চুন্নুর প্রতিদ্বন্দিতার ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন।
ওই অঞ্চলের ৩১৫বি১ লায়ন্স ক্লাব জেলার গভর্নর পদের জন্যে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লায়ন মোহাম্মদ সালাউদ্দিন গাজীর দায়ের করা রিটের শুনানী শেষে বিচারপতি সৈয়দ মুহাম্মদ হোসাইন এবং বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার নিষেধাজ্ঞাটি জারি করেন। ওই আদেশের সঙ্গে তারা এই মর্মে সরকারের প্রতি একটি কারণ দর্শানোর রুল জারি করেন যে, বিএডিসি’র একজন কর্মকর্তা হয়েও লায়ন মুজিবুল হক চুন্নুর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি কেন অবৈধ ও আইন বর্হিভূত ঘোষণা করা হবে না?
সংস্থাপন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জেলা গভর্নরকে বিবাদী করে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার শেখ হাসান আরিফের সহায়তায় ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ পিটিশন দায়েরকারীর পক্ষে আদালতে অংশ নেন।
